এক.
নিরস্ত্র হয়েছি তবু শত্রুচিন্তা ফিরে এলে
কেন?
আছাড়ের শব্দে জাগি, আদিখ্যেতাময় পৃথিবীর
আমি কেউ নই, আমি সন্ধিপদ হারিয়ে ফেলেছি
সর্দির ওষুধ নিয়ে চলে যাব দক্ষিণ মেরুতে?
ভোলিনি জেলের কাছে গোড়ালির অপর্যাপ্ত ব্যথা
সঁপে দিয়ে
এ কোথায় যাব আমি, জুতোহীন,
পিতৃলোক ডেকেছে আমাকে?
দুই.
আমাকে ডেকেছে যারা, তারা জানে কত ধানে কত
চালুনির নিচে ছ্যাঁদা, ডাইনোসোর গলে গেছে
মহাকালো গবাদি-গহ্বরে
বুনন জেনেছ তুমি, বোতামের আদিকথা জানো?
তোমার কফির কাপ কতদূর, কোথায় সে স্বপ্নের মিনার?
বরফদিগন্তে বসে আমাদের ধূমল প্রহর
এত দ্রুত চলে গেল, যেরকম জন্ম চলে যায়...
তিন.
জন্ম চলে গেছে তবু জন্মঋণ ভেবে আজও কাঁদো?
নলজাতকের মতো ফিরে যেতে চাও নাকি
পরাদুঃখে, সর্ষের বালিশে?
বেবিঅয়েলের গন্ধে জল আসে, কোথায় সে নরম পৃথিবী?
কুসুম কুসুম ভোর, কতকাল তোমায় দেখিনি...
চার.
তোমায় দেখিনি আমি দেখেছি মন্দার-মেঘ
কত অপ্রলাপে ঝরে গেছে
তৃতীয় দর্শন মনে করো
যেখানে আঙুল রেখে মুক্তি দেবে বলেছিলে,
হারালো কোথায়?
এ কী যে বোকার মতো বেঁচে থাকা,
কাকে খুঁজি আজও?
জন্মের কাগজে কার নিয়তির বদলে হলুদ
ডানাহীন, ডানাহীন মরা প্রজাপতি?
No comments:
Post a Comment